AdvertisementAdvertisement

প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ পার্নো মিত্রের নতুন ছবি দ্য মিউজিক টিচার-এ নাম ভূমিকায় রাইমা সেন

সিনেমা হোক কিংবা ওয়েব সিরিজ, রুপালি পর্দায় দীর্ঘ সময় ধরে নিজের অভিনয়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন পার্নো মিত্র। তবে এবার অভিনয়ের চৌহদ্দি পেরিয়ে ক্যামেরার নেপথ্যে নতুন পরিচয়ে ধরা দিতে চলেছেন এই তারকা। প্রথমবারের মতো প্রযোজকের আসনে বসে তিনি শুরু করতে চলেছেন নতুন এক পথচলা। ‘আনস্ক্রিপটেড কো’ নামক নিজস্ব প্রযোজনা সংস্থার ব্যানারে পার্নো নিয়ে আসছেন তার প্রথম নিবেদন—‘দ্য মিউজিক টিচার’।

নতুন এই সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে নন্দিত অভিনেত্রী রাইমা সেনকে। এই প্রজেক্টের হাত ধরেই অনেকদিন পর ক্যামেরার সামনে ফিরছেন নিরঞ্জন মণ্ডল। সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রীময়ী চক্রবর্তী। উল্লেখ্য, বলিউডের নামজাদা সব চলচ্চিত্রের সম্পাদনার কাজ করে খ্যাতি অর্জন করা আরতি বাজাজ এই সিনেমায় সহ-প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন। সম্প্রতি কলকাতার বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির চিত্রগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে চলতি বছরেই ছবিটি দর্শকদের দরবারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন

গল্পের প্রেক্ষাপট গড়ে উঠেছে এক তরুণকে ঘিরে, যে নিজের জীবনের টানাপোড়েন আর কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। জীবনের এক বিশেষ সন্ধিক্ষণে তার দেখা হয় এক সংগীত শিক্ষিকার সঙ্গে, আর সেই সাক্ষাতেই তার জীবন মোড় নেয় নতুন দিকে। মূলত, রবীন্দ্রসংগীতকে বছরের পর বছর ধরে অটুট রেখে প্রজন্মের পর প্রজন্মকে সমৃদ্ধ করে আসা নিবেদিতপ্রাণ সংগীত শিক্ষকদের প্রতি সম্মান জানিয়েই এই সিনেমার আখ্যান সাজানো হয়েছে। অভিনয়ের গণ্ডি পেরিয়ে প্রযোজনার নতুন এই ভুবনে পার্নোর অভিষেক কতটা সফল হয়, এখন সেটাই দেখার পালা।

0%
0%
0%
0%