AdvertisementAdvertisement

শ্রীমঙ্গলে খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতা, সরকারি কোষাগারে ফেরত গেল সোয়া কোটি টাকা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের আলিয়াছড়া খাল পুনঃখনন প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে ব্যর্থ হওয়ায় ১ কোটি ২২ লাখ ৯০ হাজার ৩০১ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত পাঠিয়েছে উপজেলা প্রশাসন। প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা, যার মধ্যে মাত্র ৫ লাখ টাকা ব্যয় হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

উপজেলার বিভিন্ন মৌজায় স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণ, পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছিল। মূল পরিকল্পনায় ২ হাজার ৭৫০ মিটার দীর্ঘ খাল পুনঃখনন, খালের দুই পাড় বাঁধাই, বৃক্ষরোপণ এবং আরসিসি রিং পাইপ স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী চলতি বছরের ১৭ এপ্রিল প্রকল্পের উদ্বোধন করেন।

Advertisement
বিজ্ঞাপন

পরিকল্পনা অনুযায়ী ১৮ এপ্রিল কাজ শুরু হয়ে ৩০ জুন শেষ হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে মাত্র ৬৪০ মিটার কাজ সম্পন্ন হয়েছে, যা মোট প্রকল্পের ২৩ দশমিক ২৭ শতাংশ। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, সম্পন্ন হওয়া অংশের জন্য শ্রমিক মজুরি, যন্ত্রপাতির ভাড়া, পরিবহন ব্যয় এবং কর বাবদ মোট ৫ লাখ টাকা খরচ হয়েছে। অবশিষ্ট অর্থ সরকারি বিধিমালা অনুযায়ী কোষাগারে জমা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে শুষ্ক মৌসুমে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রায় ৪০ বছর ধরে খালটি ভরাট থাকায় লইয়ারকুল, আলিসারকুল, বাদেআলিশা, শাসন রাজপাড়া ও পাত্রীকুল মৌজার প্রায় ৪ হাজার একর কৃষিজমি অনাবাদি পড়ে আছে। তারা জানান, প্রকল্পটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষি অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব হতো।

Advertisement
বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, প্রতিকূল পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। সরকারি অর্থের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার স্বার্থেই অব্যবহৃত অর্থ ফেরত দেওয়া হয়েছে। তবে স্থানীয় কৃষকরা প্রকল্পটি পুনরায় দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন, যাতে জলাবদ্ধতার অভিশাপ থেকে তাদের জমিগুলো রক্ষা পায়।

0%
0%
0%
0%