দুই শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসা শিক্ষক জেলহাজতে

গাজীপুরের টঙ্গীর মুদাফা বিশারটেক এলাকায় অবস্থিত হাজী কালু মিয়া মহিলা মাদরাসার দুই শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইব্রাহিম খলিল (৩৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ঘোষবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে এই শিক্ষককে গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম খলিল দীর্ঘ সময় ধরেই মাদরাসার নাবালিকা শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে আসছিলেন। গত বুধবার প্রথম শ্রেণীর এক ছাত্রীকে নিজের কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির পর বিষয়টি গোপন রাখতে তাকে ভয়ভীতি দেখানো হয়। পরবর্তীতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে একই শ্রেণীর আরেক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনা ঘটে।
মাদরাসা থেকে বাসায় ফিরে শিশুটি তার অভিভাবকদের পুরো বিষয়টি খুলে বললে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী মাদরাসাটি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন ও ভাঙচুর চালায়। উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে অভিযুক্ত শিক্ষককে আটক করে।
এ ঘটনায় শুক্রবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত শিক্ষককে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ও নিহতের পরিবার দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
