AdvertisementAdvertisement

সিন্ধুতে ৫ হাজার ১০০ আসনের বিপরীতে এমডিসিএটি পরীক্ষা আজ, লড়ছেন ৩৩ হাজার ৫০০ শিক্ষার্থী

পাকিস্তানের সিন্ধু প্রদেশে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির লড়াইয়ে নামছেন ৩৩ হাজার ৫০০ জনেরও বেশি শিক্ষার্থী। আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিতব্য মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ অ্যাডমিশন টেস্টে (এমডিসিএটি) অংশ নিয়ে শিক্ষার্থীরা প্রদেশটির ৫ হাজার ১০০টি আসনের বিপরীতে নিজেদের যোগ্যতা প্রমাণ করবেন। এই ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে সুক্কুর আইবিএ টেস্টিং সার্ভিস।

সুক্কুর আইবিএ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আসিফ শেখ জানিয়েছেন, নিবন্ধিত মোট পরীক্ষার্থীদের মধ্যে ২০ হাজার ৯৩৪ জন নারী এবং ১২ হাজার ৬০০ জনের বেশি পুরুষ রয়েছেন। অন্যদিকে জিন্নাহ সিন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (জেএসএমইউ) উপাচার্য ড. সিরাজ মেমন জানিয়েছেন, সংরক্ষিত কোটাসহ মোট আসনের মধ্যে ২ হাজার ৩০০টি এমবিবিএস এবং ২ হাজার ৮০০টি বিডিএস কোর্সের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এ বছর ভর্তি প্রক্রিয়ার সার্বিক দায়িত্ব পালন করছে জিন্নাহ সিন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়।

Advertisement
বিজ্ঞাপন

পরীক্ষাটি করাচি ছাড়াও হায়দ্রাবাদ, লারকানা, মীরপুরখাস, শহীদ বেনজিরবাদ ও সুক্কুরসহ বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। করাচিতে মোট ১০ হাজার ৬৬১ জন শিক্ষার্থী অংশ নেবেন, যার মধ্যে ৮ হাজার ১৮৬ জন নারী ও ২ হাজার ৪৭৫ জন পুরুষ। এছাড়া ইসলামাবাদেও ৩০০ জন শিক্ষার্থীর জন্য একটি বিশেষ কেন্দ্র স্থাপন করা হয়েছে। করাচির এনইডি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে যারা পরীক্ষা দেবেন, তাদের অভিভাবকদের জন্য পাশের একটি ব্যাঙ্কেট হলে বসার সুব্যবস্থা রাখা হয়েছে।

পরীক্ষার্থীদের সকাল ৬টা ৩০ মিনিটের মধ্যে স্ব-স্ব কেন্দ্রে উপস্থিত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা তিন ঘণ্টা স্থায়ী হবে এবং এতে ১৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। এমবিবিএস কোর্সে ভর্তির জন্য ন্যূনতম ৫৫ শতাংশ এবং বিডিএস কোর্সের জন্য ৫০ শতাংশ নম্বর পেতে হবে, যেখানে কোনো নেতিবাচক বা নেগেটিভ মার্কিং থাকবে না।

Advertisement
বিজ্ঞাপন

স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে পরীক্ষা শেষে উত্তরপত্রের কার্বন কপি পরীক্ষার্থীদের কাছে রাখার সুযোগ দেওয়া হবে এবং দ্রুততম সময়ের মধ্যে অফিসিয়াল উত্তরপত্র প্রকাশ করা হবে। ড. আসিফ শেখ আশাবাদ ব্যক্ত করেছেন যে, সব প্রক্রিয়া শেষে আগামী ২২ আগস্টের মধ্যে পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%