সাতক্ষীরা সীমান্তে বিজিবির বাধায় বিএসএফের অবৈধ অনুপ্রবেশ চেষ্টার অপচেষ্টা ব্যর্থ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার অপচেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির সময়োপযোগী ও কঠোর তৎপরতার মুখে বিএসএফের এই অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দুপুরের দিকে নীলডুমুর ব্যাটালিয়ন বা ১৭ বিজিবির অধীনস্থ খুরমী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কালিন্দী নদীর মধ্যবর্তী ছোট বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট নামক স্থানে। সীমান্ত এলাকার খুরমী বিওপি থেকে দক্ষিণ দিকে আনুমানিক তিন দশমিক পাঁচ কিলোমিটার দূরে এই ফরেস্টটি অবস্থিত।

বিজিবি সূত্রে জানা যায়, প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার সুযোগ কাজে লাগিয়ে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিড বোটে করে ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে বাংলাদেশে প্রবেশের পাঁয়তারা চালায়। এ সময় খুরমী বিওপির নিয়মিত টহল দল বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে নিজস্ব স্পিড বোট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের গতিরোধ করে।

বিজিবির এই কঠোর অবস্থান ও দৃঢ় প্রতিরোধের মুখে পড়ে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা। পরবর্তীতে আনুমানিক দুপুর ১২টার দিকে ওই ব্যক্তিদের সঙ্গে নিয়ে তারা নিরাপদে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

সীমান্তে এমন অনুপ্রবেশের প্রচেষ্টার বিষয়ে সত্যতা নিশ্চিত করে নীলডুমুর ব্যাটালিয়ন বা ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরও স্পষ্ট করে জানান যে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।

০%
০%
০%
০%