মাসকাটের বাংলাদেশ দূতাবাস থেকে ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। চ্যান্সারি ভবন নতুন ঠিকানায় স্থানান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী পাঁচ দিন কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মিশনটি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মাসকাটের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাসকাটের বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বর্তমান অবস্থান থেকে নতুন ভবনে স্থানান্তরিত হবে। ভবনের এই পরিবর্তনের কাজের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত থাকবে।
তবে স্থানান্তরের কার্যক্রম শেষে আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন চ্যান্সারি ভবন থেকে পুনরায় নিয়মিত কনস্যুলার সেবা চালু হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
নতুন এই চ্যান্সারি ভবনের ঠিকানা নির্ধারণ করা হয়েছে: বাংলাদেশ দূতাবাস, মাসকাট, প্লট নম্বর ৫৪৬ (ইউনিট ০০১ এবং ইউনিট ০০২), ভিলা নম্বর ৩১২৬ (এ এবং বি), স্ট্রিট নম্বর ৩০৪০, আল সারৌজ, বাউশল, সুলতানাত অব ওমান। নতুন ঠিকানায় কার্যক্রম শুরু হলে প্রবাসীরা আরও সুশৃঙ্খলভাবে সেবা গ্রহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।