লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় শিশু-কিশোর ও তরুণদের নিয়মিত জামাতে নামাজ আদায়ে উৎসাহিত করতে ৬০ দিন নামাজ আদায়কারী বিজয়ীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রোববার বিকালে উপজেলার মধ্য করপাড়া আদর্শ গ্রাম উন্নয়ন সংগঠনের কার্যালয়ে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধ্য করপাড়া আদর্শ গ্রাম উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে টানা ৬০ দিন নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায়কারী পাঁচজন বিজয়ী কিশোরের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিশু-কিশোর ও তরুণ সমাজকে নিয়মিত জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে অভ্যস্ত করে তোলার পাশাপাশি ধর্মীয় অনুশাসনের প্রতি তাদের আগ্রহ আরও বাড়িয়ে তুলতেই মূলত এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্য করপাড়া আদর্শ গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি আহসান হাবিব সপ্তু, সংগঠনের পৃষ্ঠপোষক আহসান উল্লাহ দেওয়ান বাদশাহ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাজু পাটওয়ারী, মাওলানা তাজুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাসিম আলী সিদ্দিকী এবং ৮ নম্বর মধ্য করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক এলাহিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।