নির্বাচন ঘিরে অস্থিতিশীলতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে—পতিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করে বাংলাদেশের নির্বাচন নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে কি না—এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশ অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই। তাদের যদি সাহস থাকতো, তাহলে তারা দেশে এসে কথা বলতো। তারা আইনের আওতায় রয়েছে, আইনের আশ্রয় নিয়ে এসে বক্তব্য দিতে পারতো। যেহেতু সে সাহস নেই, তাই পালিয়ে থেকে এসব কথা বলছে।”
তিনি আরও বলেন, “এখন দেশে তাদের মতো করে সাপোর্টারও নেই। যারা ছিল এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। অনেকেই দেশ ছেড়ে চলে গেছে এবং বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ফ্যাসিস্ট ও জঙ্গি চরিত্রের যেসব গোষ্ঠী ছিল, তারা দেশ থেকে পালিয়ে গেছে। বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিয়েছে। আমরা অনুরোধ করবো, এসব ফ্যাসিস্টদের যেন অন্যান্য দেশ আবার ফিরিয়ে দেয়।”
অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, কাশিমপুর কারাগারে জায়গা স্বল্পতার বিষয়টি বিবেচনায় নিয়ে কেরানীগঞ্জ এলাকায় নতুন একটি কারাগার নির্মাণের চিন্তাভাবনা করা হচ্ছে।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বাহিনীর সদস্য নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পন্ন করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম হয়নি।”
তথ্যসূত্র: বাসস
