AdvertisementAdvertisement

কর বৃদ্ধি ছাড়াই বরিশাল সিটি কর্পোরেশনের ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বরিশাল সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এই বাজেট পেশ করেন। নতুন কোনো ধরনের করারোপ ছাড়াই জনকল্যাণমুখী এই বাজেট প্রণয়ন করা হয়েছে, যা আগের অর্থবছরের ঘোষিত ৫২০ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ৯২৮ টাকার বাজেটের তুলনায় বেশ বর্ধিত।

বাজেট বক্তৃতায় প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন জানান, দেড়শ বছরের পুরোনো ও ঐতিহ্যবাহী এই নগরীকে একটি পরিকল্পিত, সবুজ, পরিচ্ছন্ন এবং নারী ও শিশুবান্ধব স্মার্ট মহানগরী হিসেবে গড়ে তোলাই বর্তমান লক্ষ্য। ৫৮ বর্গ কিলোমিটার আয়তনের এই নগরে প্রায় ৬ লক্ষ মানুষ বসবাস করলেও সিটি কর্পোরেশনের নিজস্ব আয়ের উৎস অত্যন্ত সীমিত। সীমিত আয়ের একটি বড় অংশই কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও দাপ্তরিক পরিচালন ব্যয় মেটাতে ব্যয় হয়ে থাকে। তবুও নাগরিক সেবার মান নিশ্চিত করতে নতুন কোনো করের বোঝা চাপানো হয়নি।

Advertisement
বিজ্ঞাপন

প্রশাসক আরও বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, দুর্নীতি প্রতিরোধ এবং প্রশাসনিক অপচয় রোধ করাই এবারের বাজেটের মূল দর্শন। স্বল্পতম সময়ের মধ্যে বরিশালকে দেশের একটি মডেল নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি নগরবাসী, সাংবাদিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

সবাইকে সঙ্গে নিয়ে আধুনিক ও সমৃদ্ধ বরিশাল বিনির্মাণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, কর বৃদ্ধি না করেও নগরবাসী আগের চেয়ে অধিক নাগরিক সুবিধা ভোগ করতে পারবেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও আধুনিক নগরী গড়ে তোলার পথে সবার সমন্বিত প্রচেষ্টা ও ঐকান্তিক সহযোগিতা একান্ত কাম্য বলে তিনি উল্লেখ করেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%