পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে স্থান পেলেন তানজিদ-অমিত

পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৮ই মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের দলে সুযোগ পেয়েছেন দুই অনভিজ্ঞ খেলোয়াড় তানজিদ হাসান ও অমিত হাসান। দীর্ঘ এক বছর পর টেস্ট দলে ফিরেছেন অফ স্পিনার নাঈম হাসান, এবং নভেম্বর-ডিসেম্বর ২০২৪ এর পর পুনরায় টেস্ট দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এই সিরিজটি ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।
সাদা বলের ক্রিকেটে ইতিমধ্যে জাতীয় দলে নিজের অবস্থান পোক্ত করা ওপেনার তানজিদ হাসান প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন। পঁচিশ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যানের প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ১,৭৯২ রান রয়েছে, যেখানে তার গড় ৪০। জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হাবিবুল বাশার তানজিদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে বলেছেন, “তানজিদ দীর্ঘদিন ধরেই আমাদের টেস্ট পরিকল্পনার অংশ। তার প্রথম শ্রেণির রেকর্ড অত্যন্ত ভালো এবং আমরা মনে করি টেস্টে তার প্রতিভা প্রদর্শনের সুযোগ পাওয়া উচিত। তার কৌশলগত দিক শক্তিশালী এবং সহজাত প্রতিভা রয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে সুযোগ পেলে সে দীর্ঘ ফরম্যাটেও ভালো করবে।”
এছাড়াও, প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা তেইশ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান অমিত হাসানও নির্বাচকদের নজর কেড়েছেন। ২০১৯ সালে অভিষেকের পর ৮২টি প্রথম শ্রেণির ম্যাচে তার গড় ৪৯। হাবিবুল বাশার অমিতের প্রশংসা করে বলেন, “অমিত তার ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে দলে সুযোগ পেয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে সে অন্যতম সেরা ধারাবাহিক ব্যাটসম্যান। তার ধৈর্য ও মেজাজ টেস্ট ক্রিকেটের জন্য অত্যন্ত উপযোগী। এই ফরম্যাটে ধৈর্য ও শৃঙ্খলা অপরিহার্য, যা সে দীর্ঘ সময় ধরে প্রদর্শন করেছে।” হাবিবুল বাশার আরও যোগ করেন, “এই দুই খেলোয়াড়ের সামনে দীর্ঘ সময় আছে এবং তারা বাংলাদেশের জন্য দীর্ঘদিন সেবা দিতে সক্ষম।”
সিরিজের দ্বিতীয় টেস্টটি আগামী ১৬ই মে থেকে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন যাত্রা শুরু হচ্ছে।
ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান, অমিত হাসান।
তথ্যসূত্র: ক্রিক বাজ