কুমিল্লার নিমসারে পুলিশের গাড়িতে ভাঙচুর ও হামলা

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচাবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের একটি সরকারি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে জুনাব আলী ডিগ্রি কলেজের সামনের সড়কে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। মহাসড়কে থ্রি-হুইলার চলাচলে নিষেধাজ্ঞা অমান্য করাকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত হয়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সরকার ঘোষিত বিধিনিষেধ অনুযায়ী মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিছু চালক তা উপেক্ষা করে গাড়ি চালানোর চেষ্টা করেন। হাইওয়ে পুলিশ সদস্যরা তাদের বাধা দিলে চালকদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ পর্যায়ে সংঘর্ষে একজন অটোরিকশা চালক আহত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার সময় একদল দুর্বৃত্ত ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অতর্কিতে পুলিশের ওপর চড়াও হয়। নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যরা গাড়ি ফেলে নিরাপদ অবস্থানে সরে গেলে হামলাকারীরা সরকারি গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানীর প্রত্যক্ষ ইন্ধনে এই তাণ্ডব চালানো হয়েছে। অভিযোগ রয়েছে যে, আব্দুল কাদের জিলানী ঘটনাস্থলে উপস্থিত হয়ে একদল যুবককে উসকে দিলে তারা পুলিশের গাড়িতে হামলা চালায়।
কুমিল্লা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন অমান্যকারী ও সরকারি সম্পদ বিনষ্টকারীদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। তারেক রহমান সরকারের নির্দেশনায় মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
