ত্রয়োদশ সংসদ অধিবেশন সামনে রেখে বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন।
রুদ্ধদ্বার এই কর্মশালার উদ্বোধনী পর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ ও এজেডএম জাহিদ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তারেক রহমান।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা জানান, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধি-বিধান নবনির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হবে। পাশাপাশি অভিজ্ঞ সংসদ সদস্যরা তাদের অভিজ্ঞতা নতুনদের সঙ্গে ভাগ করে নেবেন।
সরকার ও সরকারি দলের কার্যক্রম আরও দক্ষ ও কার্যকর করার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান বিএনপি নেতারা।
আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন। অধিবেশনকে সামনে রেখে নতুন এমপিদের সংসদীয় বিধিবিধান ও কার্যপ্রণালী সম্পর্কে প্রস্তুত করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
কর্মশালায় সংসদ কার্যকর করতে সাংসদ ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কেও আলোচনা করা হবে। এ বিষয়ে বক্তব্য রাখবেন সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ সংসদ সদস্যরা।
দুই দিনের এই কর্মশালায় প্রথম দিন সকালে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশের এমপিরা অংশ নেবেন। দ্বিতীয় দিন শনিবার সকালে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি এমপিরা এবং বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। ফলে নতুন এমপিদের সংসদীয় বিধিবিধান ও কার্যপ্রণালী সম্পর্কে পর্যাপ্ত অভিজ্ঞতা নেই।
দলের এক জ্যেষ্ঠ নেতা জানান, কর্মশালায় সংসদে পয়েন্ট অব অর্ডার উত্থাপন, বিল প্রণয়ন ও পর্যালোচনা করে আলোচনায় অংশগ্রহণ, নিজ নিজ এলাকার সমস্যা সংসদে তুলে ধরা, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা এবং সংসদ অধিবেশনে এমপিদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হবে।