আগামী বছর থেকে নজরুল বর্ষ পালনের সরকারি প্রজ্ঞাপন জারি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি ও মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সরকার। রবিবার ২১ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কাল ‘নজরুল বর্ষ’ হিসেবে উদযাপিত হবে।

বিজ্ঞাপন

এর আগে গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি দিয়েছিলেন। ওইদিন সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন যে, কবির জন্মবার্ষিকীকে কেন্দ্র করে পরবর্তী এক বছরকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করার প্রস্তাব রাখছেন তিনি। প্রধানমন্ত্রীর সেই ভাষণের ধারাবাহিকতায় সরকার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বিষয়টি চূড়ান্ত করল।

নজরুল চেতনার বিকাশ ও কবির সাহিত্যকর্মকে তৃণমূল থেকে আন্তর্জাতিক অঙ্গনে আরও নিবিড়ভাবে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই সরকার এই মহতী উদ্যোগ নিয়েছে। ‘নজরুল বর্ষ’ চলাকালীন কবির জীবন ও কর্মের ওপর ভিত্তি করে বছরব্যাপী বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণের সম্ভাবনা রয়েছে, যা নতুন প্রজন্মের মাঝে কবির অসাম্প্রদায়িক ও দ্রোহের চেতনাকে আরও সুসংহত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0%
0%
0%
0%