২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে চারটি বিষয়

২০২৮ সাল থেকে কার্যকর হতে যাওয়া নতুন শিক্ষাক্রমের খসড়া ও রূপরেখা চূড়ান্ত করেছে সরকার। সোমবার বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে নতুন এই শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মেধা ও দক্ষতার সমন্বয় ঘটিয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নতুন এই শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘ক্রীড়া’ ও ‘সংস্কৃতি’ বিষয় দুটি বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া ষষ্ঠ শ্রেণি থেকে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা ‘আনন্দে শিক্ষা’ নামক নতুন দুটি বিষয় পাঠ্যক্রমে যুক্ত হবে। বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে বিদ্যমান পাঠ্যপুস্তকের কোনো একটি বিষয়ের সঙ্গে একটি বড় অধ্যায় যুক্ত করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান শিক্ষাক্রমকে বাস্তবসম্মতভাবে পরিমার্জন ও সংশোধনের মাধ্যমে ২০২৭ সালে তা বাস্তবায়নের প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে যে পরিবর্তনের রূপরেখা প্রণয়ন করা হয়েছে, তা ২০২৮ সাল নাগাদ পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন এই কারিকুলাম শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তুলবে।

এর আগে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, বিগত ১৬ বছরের পুঞ্জীভূত সমস্যার সমাধান এক দিনে সম্ভব নয়, তবে বর্তমান সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন আনছে। পাঠ্যক্রমে সংযোজন, বিয়োজন ও পরিমার্জনের এই প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী শিক্ষার ভিত্তি মজবুত করবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়াসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল নতুন শিক্ষাক্রমের কারিগরি দিকগুলো নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন।

সম্পর্কিত- শিক্ষাক্রম
0%
0%
0%
0%