লাহোরে ধসে পড়া বাড়ির ছাদের নিচে চাপা পড়ে শিশুসহ তিনজনের মৃত্যু

পাকিস্তানের লাহোরের গড়ি শাহু রেলওয়ে কলোনিতে একটি বসতবাড়ির ছাদ ধসে এক শিশুসহ অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। উদ্ধারকারী বাহিনীর প্রাথমিক তথ্যানুযায়ী, কাদামাটি ও টি-আয়রন গার্ডার দিয়ে নির্মিত দুর্বল কাঠামোর ছাদটি আকস্মিকভাবে ধসে পড়লে একই পরিবারের চার সদস্য ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
নিহতদের মধ্যে ৪৫ বছর বয়সী মুবিন, তার ৪০ বছর বয়সী স্ত্রী এবং তাদের ১১ বছর বয়সী কন্যা ফাতেমা রয়েছেন। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ‘রেসকিউ ১১২২’-এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর ধ্বংসস্তূপ থেকে চারজনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনায় ১৪ বছর বয়সী এমাল নামে এক কিশোর আহত হয়েছে। তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকা নেই এবং উদ্ধার অভিযানের সমাপ্তি টানা হয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ