গাজীপুরের বিভিন্ন এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

গাজীপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে জরুরি উন্নয়নমূলক সংস্কার কাজের জন্য আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার রাতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সাময়িক অসুবিধার কথা জানানো হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে দত্ত মার্কেট, ছায়াতল মার্কেট ও মিছারবাগ বটতলা পর্যন্ত বিস্তৃত ১১ কেভি ফিডারটিতে অতিরিক্ত লোডের চাপ রয়েছে। এই সমস্যা নিরসনে ও গ্রাহকদের দীর্ঘমেয়াদি সুবিধা প্রদানের লক্ষ্যে ফিডারটি ছোট করে নতুন দুটি ফিডার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কারিগরি কাজের জন্যই নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।
বিদ্যুৎহীন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে কাশিমপুর, সুরাবাড়ি, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিলের আশপাশের এলাকা, মিছারবাগ বটতলা, মাদরাসা বাজার এলাকা, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স এলাকা, লালদিঘি ও কবরস্থান এলাকা। এছাড়া বারেন্ডার আংশিক অংশ, রফিকুল ইসলাম স্কুলের আশপাশ, খানকা শরিফ, রওশন মার্কেট, হাকের নাল এবং নয়াপাড়ার একাংশেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংস্কার কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। যদি নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যায়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।