২০২৮ সাল থেকে কার্যকর হতে যাওয়া নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

২০২৮ সাল থেকে কার্যকর হতে যাওয়া দেশের নতুন শিক্ষাক্রম রূপরেখায় চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে সরকার। সোমবার বিকালে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। তিনি জানান, বিদ্যমান শিক্ষাক্রম পরিমার্জন ও বাস্তবসম্মত সংশোধনের পাশাপাশি সম্পূর্ণ নতুন ও আধুনিক শিক্ষাক্রম প্রণয়নের কাজ চলমান রয়েছে, যা ২০২৮ সাল নাগাদ শিক্ষার্থীরা প্রত্যক্ষ করবে।

বিজ্ঞাপন

নতুন এই শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘ক্রীড়া’ ও ‘সংস্কৃতি’ বিষয় দুটি বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া ষষ্ঠ শ্রেণি থেকে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা ‘আনন্দে শিক্ষা’ নামক বিষয় দুটি নতুন করে যুক্ত হবে। পাশাপাশি মাতৃভাষা বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে বিদ্যমান পাঠ্যক্রমের কোনো একটি বিষয়ের সঙ্গে একটি বড় অধ্যায় সংযোজন করা হবে।

এর আগে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন নতুন শিক্ষাক্রমের পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের জঞ্জাল এক দিনে বা এক বছরে দূর করা সম্ভব নয়। সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন ও পরিমার্জনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, নতুন চারটি বিষয়ের পাশাপাশি তৃতীয় ভাষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে একটি বর্ধিত অধ্যায় যুক্ত করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে সরকারের গৃহীত এই পদক্ষেপকে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে বর্ণনা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে বাস্তবমুখী ও যুগোপযোগী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেন। এই রূপান্তর প্রক্রিয়ার উদ্দেশ্য হলো আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়াসহ শিক্ষা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্পর্কিত- শিক্ষাক্রম
0%
0%
0%
0%