ঝিনাইদহ সীমান্তে ভারতীয় বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা বিজিবির প্রতিহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ছয় ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোররাতে ৫৮ বিজিবির নিয়ন্ত্রণাধীন সামন্তা বিওপি এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবির কঠোর নজরদারি ও তাৎক্ষণিক তৎপরতায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই প্রচেষ্টা ভেস্তে যায়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে সীমান্ত পিলার ৫৫/এমপির নিকটবর্তী গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা চারজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়। তবে অনুপ্রবেশকারীরা বাংলাদেশের ভূখণ্ডে পা রাখার আগেই সামন্তা বিওপির একটি টহল দলের দৃষ্টিগোচর হয়। বিজিবির বাধার মুখে পড়ে পুশ-ইনের প্রচেষ্টাটি ব্যর্থ হয় এবং বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি তাদের কার্যক্রম আরও জোরদার করেছে।

0%
0%
0%
0%