বন্যাদুর্গত পাঁচ জেলায় তিন মাসের জন্য ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত

চট্টগ্রামের বাঁশখালীসহ বন্যাদুর্গত পাঁচ জেলায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ঋণগ্রহীতাদের স্বস্তি দিতে তিন মাসের জন্য কিস্তি আদায় স্থগিত ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি—এই পাঁচ জেলার ক্ষতিগ্রস্ত এলাকায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্দেশনায় আগামী ৯০ দিন ঋণ আদায় কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া শুক্রবার বাঁশখালীর দক্ষিণ জলদী, আশকরিয়া পাড়া ও সরল এলাকায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

দুর্যোগকবলিত এলাকা পরিদর্শনের সময় মহাপরিচালক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং স্থানীয়দের দুঃখ-দুর্দশার কথা শোনেন। এসময় তিনি চলমান ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগে মানুষের দুর্ভোগ লাঘবের প্রতিশ্রুতি দেন। পরিদর্শনকালে তিনি দুর্যোগ পরবর্তী সংকট কাটিয়ে উঠতে সব মহলের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

ত্রাণ বিতরণ ও মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সিনিয়র সহকারী সচিব শরীফ আহমেদ, এনজিও বিষয়ক ব্যুরোর প্রশাসনিক কর্মকর্তা বাহাদুর রইচুর রহমান, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন এবং চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নাছির উদ্দীন। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন যে, সরকারের এই উদ্যোগের পাশাপাশি পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হলে দুর্যোগের ধকল কাটিয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তারা।

0%
0%
0%
0%