ফেনীর সীমান্তে সাত ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা বিজিবির কঠোর বাধায় ব্যর্থ

ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর সীমান্ত দিয়ে সাতজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ভারতের রাজনগর সংলগ্ন এমএলআর বাগান এলাকায় এবং শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর সন্নিকটে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ সদস্যরা ওই সাত ভারতীয় নাগরিককে সীমান্ত রেখার কাছাকাছি জড়ো করে বাংলাদেশে প্রবেশের জোর চেষ্টা চালায়। খবর পেয়ে বিজিবির শ্রীপুর ক্যাম্পের টহল দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিএসএফের এমন কর্মকাণ্ডের কড়া প্রতিবাদ জানান। বিজিবির কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ তাদের পুশইনের প্রচেষ্টা স্থগিত করতে বাধ্য হয় এবং শনিবার সকাল ১০টার দিকে ওই সাতজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

উদ্ধার হওয়া ওই সাতজনই ভারতীয় নাগরিক বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে ছয়জন নারী ও একটি শিশু রয়েছে। এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএম জিল্লুর রহমান জানিয়েছেন, বিজিবির পক্ষ থেকে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি বর্তমানে সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে।

0%
0%
0%
0%