নালিতাবাড়ীতে জামায়াত নেতা জাহিদ হাসানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও বিচারের দাবি

শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের চকপাড়া এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও জামায়াতে ইসলামী নেতা জাহিদ হাসান। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার বিকেলে নালিতাবাড়ী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নালিতাবাড়ী বাজার থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন জাহিদ হাসান। চকপাড়া এলাকার নির্জন স্থানে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আগত হেলমেট পরিহিত চারজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর তারা ভুক্তভোগীর মাথায় কালো ব্যাগ পরিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারধর শুরু করে।

হামলাকারীরা একপর্যায়ে জাহিদ হাসানকে অচেতন অবস্থায় ফেলে রেখে তার কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। প্রায় আধা ঘণ্টা পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য যে, জাহিদ হাসান স্থানীয় ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ফোরাম শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সমাবেশে বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%