ওসমানী মেডিকেলে চিকিৎসকদের কর্মঘণ্টা না মানার প্রবণতা কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের কর্মঘণ্টা পালনে চরম উদাসীনতা ও অনিয়মের চিত্র ফুটে উঠেছে। বায়োমেট্রিক উপস্থিতির তথ্য পর্যালোচনায় দেখা গেছে, হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের সিংহভাগ চিকিৎসক নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হওয়া কিংবা দায়িত্ব পালন থেকে বিরত থাকছেন।

হাসপাতালটির তথ্যানুযায়ী, সকাল ৮টায় কর্মস্থলে উপস্থিত হওয়ার বাধ্যবাধকতা থাকলেও বহির্বিভাগের ৪৮ শতাংশ এবং অন্তর্বিভাগের ৬৫ শতাংশ চিকিৎসক ৯টার পর কর্মস্থলে পৌঁছান। এছাড়া নির্ধারিত সময় দুপুর ২টা ৩০ মিনিটের আগেই বহির্বিভাগের ৯৬ শতাংশ এবং অন্তর্বিভাগের ৯০ শতাংশ চিকিৎসক হাসপাতাল ত্যাগ করেন, যা চিকিৎসাসেবা প্রদানকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

এই বিশৃঙ্খলা নিরসনে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির স্বাক্ষরিত একটি কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সকল চিকিৎসককে সকাল ৮টায় যথাযথভাবে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করা এবং দুপুর ২টা ৩০ মিনিটের পূর্বে কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ নির্দেশনা আপাতত প্রাথমিক সতর্কবার্তা হিসেবে গণ্য করা হবে। তবে ভবিষ্যতে কর্মঘণ্টা পালনে একই ধরনের ব্যত্যয় ঘটলে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী দোষী চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

০%
০%
০%
০%