কিশোরগঞ্জ জেলায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ১৪ জন। তবে আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ৬৬৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৬০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসাধীন রোগীদের মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১১ জন ভর্তি রয়েছেন। এ ছাড়াও বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, কুলিয়ারচরে ২ জন, হোসেনপুরে ১ জন, পাকুন্দিয়ায় ১ জন, ইটনায় ২ জন, মিঠামইনে ২ জন এবং প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রোগী ভর্তি থেকে সেবা নিচ্ছেন।
চলতি বছরে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে নতুন রোগী শনাক্তের হার বাড়ায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর ও জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।