খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত চব্বিশ ঘণ্টায় আক্রান্ত ২৪৬ জন

খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ২৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়কালে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২০৯ জন সরকারি হাসপাতালে এবং ৩৭ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৭৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ৬ হাজার ৯৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ১৮৮ জন এবং ১৫১ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক হিসেবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা জেলায়—১১৬ জন। এছাড়া বাগেরহাটে ১৬ জন, সাতক্ষীরায় ২০ জন, যশোরে ২৩ জন, ঝিনাইদহে ৭ জন, মাগুরায় ৩ জন, নড়াইলে ৭ জন, কুষ্টিয়ায় ৫ জন এবং মেহেরপুরে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তবে চুয়াডাঙ্গা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি।

পরিসংখ্যান বলছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই বর্তমানে সর্বাধিক ১৮১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর এ হাসপাতালটিতে মোট ১ হাজার ৪৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং এর মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় খুলনা ও বাগেরহাট জেলায় সংক্রমণের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

০%
০%
০%
০%