শিক্ষার্থীদের দেশ গঠনে নিজেদের সুনাগরিক হিসেবে প্রস্তুত করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, আত্মগঠন ও আত্মবিনর্মাণের এটাই শ্রেষ্ঠ সময়। কলেজের প্রাঙ্গণে এসে নবীন বাতাসের আবেগে গা ভাসিয়ে না দিয়ে নিয়মিত ক্লাসে মনোযোগী হতে হবে এবং জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে।
বৃহস্পতিবার চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাঙ্গনের পরিবেশ বিদ্যালয়ের তুলনায় অনেক বেশি উন্মুক্ত ও স্বাধীন। এই স্বাধীনতার ইতিবাচক সদ্ব্যবহার করে নিজেদের আগামী দিনের জাতির কর্ণধার হিসেবে গড়ে তুলতে হবে এবং পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত হওয়ার সাধনায় ব্রতী হতে হবে।
কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আজিজুল হক, বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম এবং বিদ্যোৎসাহী সদস্য শওকত আলম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও ওরিয়েন্টেশন ক্লাস এবং নবীন বরণ কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম। আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে যোগ দেওয়া নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান এবং তাদের উজ্জ্বল ও সম্ভাবনাময় শিক্ষাজীবন কামনা করেন।
আলোচনা সভা শেষে জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুচিত্রা চৌধুরী ও কলেজ সাংস্কৃতিক স্কোয়াডের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা। পুরো আয়োজনের শৃঙ্খলা রক্ষায় কলেজ রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা সক্রিয় দায়িত্ব পালন করেন।