মতলবে সরকারপ্রধানকে নিয়ে কটূক্তি, স্কুলশিক্ষক বাধ্যতামূলক ছুটিতে

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল তালুকদারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়।

জানা গেছে, গত কয়েক মাস ধরে ওই শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি বিকৃত করে বিভিন্ন সমালোচনামূলক ও আপত্তিকর পোস্ট দিয়ে আসছিলেন। মাত্র এক বছর আগে এই বিদ্যালয়ে যোগদান করা ওই শিক্ষকের এমন কর্মকাণ্ড স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দেয়। বিশেষ করে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নজরে আসার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দ্রুত তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার দাবি জানানো হয়।

পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কেএম ইশমাম তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষককে ডেকে অভিযুক্ত শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর মৌখিক ও দাপ্তরিক নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে ঘটনার নেপথ্যে থাকা কারণ উদঘাটনে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে একজন শিক্ষক কীভাবে রাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব ও সরকারের বিরুদ্ধে এমন ধৃষ্টতাপূর্ণ আচরণ করতে পারেন, তা বোধগম্য নয়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানোর পর তারা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

এদিকে নিজের ভুল স্বীকার করে অভিযুক্ত শিক্ষক জুয়েল তালুকদার দাবি করেন, তার এমন আচরণ ভুলবশত হয়েছে এবং পরবর্তীতে তিনি পোস্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলেছেন।

এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম জানান, অভিযুক্ত শিক্ষককে বাধ্যতামূলক ছুটির আওতায় আনার পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ওই শিক্ষকের বিরুদ্ধে নিয়মানুযায়ী কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।

০%
০%
০%
০%