চকরিয়া উপজেলায় শুক্রবার জুমার নামাজের সময় মোহাম্মদ আরাফাতের বাড়িতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাত দল ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
বাড়ির মালিক মোহাম্মদ আরাফাত জানান, জুমার নামাজের সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তার ছোটবোনকে প্রথমে রশি দিয়ে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে ডাকাত দলের সদস্যরা আলমিরা ভেঙে ১ লাখ ৭০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
খবর পেয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের পৃথক দুটি টিম বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ কর্মকর্তা জানান, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল এবং পরে তিনি নিজেও দ্বিতীয় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে অভিযোগ পাওয়ার পর পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে দ্রুত পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।