চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজার সংলগ্ন মান্দারীর কামাল মিজি বাড়ির সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি ঘটেছে। এই ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, মঙ্গলবার বিকেলে চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা হাজীগঞ্জের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে একটি প্রাইভেটকার হঠাৎ তীব্র গতিতে ব্রেক করলে পেছন থেকে সিএনজিটি সেটিতে সজোরে ধাক্কা দেয় এবং অন্যদিকে পূর্বদিক থেকে আসা একটি পিকআপের সামনে গিয়ে পড়ে। এ সময় সিএনজির চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অপরজনকে ঢাকায় রেফার করলে পথিমধ্যে সন্ধ্যায় তিনিও মারা যান। এছাড়া আরও দুজন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত যাত্রী কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে মোহর আলী (৬০) এবং অপর নিহত ব্যক্তি সিএনজি চালক কবির মাল।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। পরবর্তীতে চাঁদপুর সদর মডেল থানায় বিষয়টি অবগত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার, সিএনজি এবং পিকআপ জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ মঙ্গলবার রাতে জানান, ত্রিমুখী সংঘর্ষের এই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।