গ্রেপ্তার সীতাকুণ্ডে র্যাব কর্মকর্তা হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব সদস্য হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (গতকাল) রাত সাড়ে ৯টার দিকে সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল কাশেম (৪৩)। স্থানীয়ভাবে তিনি ‘নলা কাশেম’ নামে পরিচিত। তিনি র্যাবের উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামি।
পুলিশ জানায়, আবুল কাশেম জঙ্গল সলিমপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, অস্ত্র ও ডাকাতির মোট ১৫টি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয়টি গুলি উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবুল কাশেম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হবে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
জানা গেছে, চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে, এশিয়ান উইমেন ইউনিভার্সিটির বিপরীতে লিংক রোডের উত্তর পাশে প্রায় ৩ হাজার ১০০ একর জায়গাজুড়ে জঙ্গল সলিমপুরের অবস্থান। প্রশাসনিকভাবে এটি সীতাকুণ্ড উপজেলার অন্তর্ভুক্ত হলেও ভৌগোলিকভাবে অনেকটাই নগর এলাকার সঙ্গে সংযুক্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে দুটি সন্ত্রাসী পক্ষ সক্রিয়। একটির নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ ইয়াসিন এবং অপরটির নেতৃত্বে রোকন উদ্দিন। অতীতে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। র্যাব কর্মকর্তা হত্যার ঘটনাতেও এই দ্বন্দ্বের বিষয়টি সামনে আসে।
এ ঘটনার পর সমালোচনার মুখে গত ২ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আগে চিহ্নিত সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে বড় ধরনের কোনো রক্তপাত ছাড়াই অভিযান শেষ হয় এবং পরবর্তীতে যৌথ বাহিনী পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে সেখানে পুলিশের দুটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।