ডাম্বুলায় অনাকাঙ্ক্ষিত উত্তাপ বাইশ গজে বৈভবকে কেন্দ্র করে শ্রীলঙ্কার সিনিয়র ক্রিকেটারদের দুঃখ প্রকাশ

দাম্বুলায় সোমবারের সেই উত্তপ্ত পরিস্থিতির রেশ এখনো কাটেনি, তবে নতুন করে সামনে আসা তথ্য অনুযায়ী ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর কাছে দুঃখ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার কয়েকজন সিনিয়র ক্রিকেটার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে বিভিন্ন দলের হয়ে খেলার সুবাদে বৈভবের সঙ্গে সুসম্পর্ক থাকা লঙ্কান অভিজ্ঞ তারকারা ব্যক্তিগত উদ্যোগে এই ঘটনা নিয়ে ক্ষমা চেয়েছেন। যদিও ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়া শ্রীলঙ্কা ‘এ’ দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ক্ষমা চাওয়া হয়েছে কি না, তা এখনো অস্পষ্ট।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ডাম্বুলায় ম্যাচ শেষ হওয়ার পরপরই শ্রীলঙ্কার ড্রেসিংরুমে এই অপ্রীতিকর ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং দলের ভেতরেই অনেকেই এমন আচরণের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। লঙ্কান শিবিরের একটি অংশ মনে করছে, পুরো দলের পক্ষ থেকে ভারতীয় দলের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। মাঠের ভেতরে খেলোয়াড়দের এমন আচরণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মত দিয়েছেন দলটির দায়িত্বশীল অনেকেই।
ঘটনার সূত্রপাত মূলত মাঠের স্লেজিং থেকে। জানা গেছে, বিশেন হালামবাগে ৯ জুন প্রথম ম্যাচের শুরু থেকেই বৈভবকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছিলেন। হালামবাগের এই উসকানিমূলক আচরণ দ্বিতীয় ম্যাচেও অব্যাহত ছিল। বিশেষ করে সুপার ওভার চলাকালীন হালামবাগে বৈভবকে উদ্দেশ করে মন্তব্য করেন যে, ‘বাড়িতে ফিরে যাও, এটি আইপিএল নয়।’ এমন অনাকাঙ্ক্ষিত মন্তব্য তরুণ ওপেনারকে মানসিকভাবে বিপর্যস্ত করার লক্ষ্যেই করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
সুপার ওভারের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে পরিস্থিতির চরম অবনতি ঘটে যখন হালামবাগে তেড়ে আসেন বৈভব ও অন্য ওপেনার সূরয়াংশ শেডের দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে শেষ পর্যন্ত নিরোশান ডিকভেলা হস্তক্ষেপে মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় প্রশমিত হয়। তরুণ এই প্রতিভা ও লঙ্কান ফিল্ডারের মধ্যকার এই বিবাদ বিশ্ব ক্রিকেটের ভদ্রতার মাপকাঠিতে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে।