মুন্সীগঞ্জে ফসলি জমির মাটি কাটার দায়ে তিনজনকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বেতকা বাজার ও ছটফটিয়া এলাকার ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিন ব্যক্তিকে ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল ৭টা ৫০ মিনিট থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত ধলেশ্বরী নদীর শাখা ও সংশ্লিষ্ট খালের তীরবর্তী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দেখা যায়, বেতকা সেতু থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের মধ্যে কৃষি জমির মাটি কেটে ট্রলারে বোঝাই করা হচ্ছে। এ সময় মাটি কাটার সরঞ্জামসহ তিনজনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অপরাধীদের ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ফসলি জমির উর্বরতা রক্ষা ও অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।