AdvertisementAdvertisement

সম্পত্তির লোভে প্রবাসীকে পিটিয়ে ৫ দিন আটকে রাখল স্ত্রী ও সন্তানরা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের উত্তর কেরোয়া গ্রামে অর্থসম্পদের লোভে আব্দুল মান্নান নামের এক প্রবাসীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নিজের স্ত্রী, দুই ছেলে এবং শ্যালকের বিরুদ্ধে তাকে জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার পর পাঁচ দিন ঘরে আটকে রাখার অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাস জীবন কাটানো আব্দুল মান্নানের সম্পদের ওপর আগে থেকেই নজর ছিল তার পরিবারের সদস্যদের। গত ১০ জুলাই রাতে পূর্বপরিকল্পিতভাবে তার স্ত্রী পারভীন বেগম, দুই ছেলে পারভেজ ও মাহাজ এবং শ্যালক ফয়েজ মিলে তাকে পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে মান্নানের মাথার বাম পাশ ও নাক ফেটে গেলেও তাকে কোনো প্রকার চিকিৎসা না দিয়ে উল্টো ঘরে বন্দি করে রাখা হয়।

Advertisement
বিজ্ঞাপন

ঘটনার পর অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা ভয়ে মুখ খোলার সাহস পাননি। দীর্ঘ পাঁচ দিন মান্নানকে অবরুদ্ধ রেখে তারা বাইরের লোকজনের কাছে প্রচার করেন যে, তিনি ঢাকায় অবস্থান করছেন। তবে গোপন সংবাদের ভিত্তিতে ভুক্তভোগীর ভাই মো. সেলিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর মান্নানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথার বাম পাশে চারটি ও নাকে তিনটি সেলাই দিতে হয়েছে। দীর্ঘ সময় চিকিৎসা না পাওয়ায় ভুক্তভোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Advertisement
বিজ্ঞাপন

মো. সেলিম অভিযোগ করে জানান, তার বড় ভাই প্রায় ৩০ বছর প্রবাসে কাটিয়ে উপার্জিত অর্থসম্পদ জমা করেছেন। সেই সম্পদের লোভে রক্ত সম্পর্কীয়রাই অমানুষিক নির্যাতন চালিয়ে তাকে হত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় স্থানীয়রাসহ নিহতের পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%