AdvertisementAdvertisement

টানা বর্ষণে চার দিন বিচ্ছিন্ন রাঙ্গামাটির বাঘাইছড়ি সড়ক যোগাযোগ সচল করার উদ্যোগ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় টানা ভারী বর্ষণ ও পাহাড় ধসের ফলে গত ৪ দিন ধরে সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গত ৮ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত বাঘাইহাট-মারিশ্যা সড়কের ‘৩ কিলো’ নামক স্থানে সড়কের বড় একটি অংশ ধসে পড়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

শুক্রবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা হ্রাস পাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে এবং বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া মানুষজন ধীরে ধীরে নিজ বাসস্থানে ফিরছেন।

Advertisement
বিজ্ঞাপন

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বন্যা ও অতিবর্ষণের কারণে পৌরসভা, সাজেক ও বঙ্গলতলীসহ বিভিন্ন এলাকার ১৯টি আশ্রয়কেন্দ্রে ৫৮৭টি পরিবারের ২ হাজার ৩৬৬ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন। এর মধ্যে বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫২০ জন মানুষ আশ্রয় গ্রহণ করেছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

সড়ক যোগাযোগ সচল করার বিষয়ে খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার জানান, সড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত ভারী যান চলাচল বন্ধ রয়েছে। সড়কটি চলাচলের উপযোগী করতে মাটি ভরাটসহ সংস্কার কাজ শুরু হয়েছে। আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছে সংশ্লিষ্ট বিভাগ।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%