AdvertisementAdvertisement

হবিগঞ্জের লাখাইয়ে বিষাক্ত তরল পানে পাঁচজনের মৃত্যু

হবিগঞ্জের লাখাই উপজেলায় বিষাক্ত নেশাজাতীয় তরল দ্রব্য পান করে পাঁচজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার ও বৃহস্পতিবার পৃথক সময়ে এ মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের সুদেব দাস, সুজিত দাস, ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস ও তার স্ত্রী সুবি রবিদাস এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত। স্থানীয়দের ভাষ্যমতে, নিহতরা মোড়াকরি বাজারের ‘হ্যানিম্যান হোমিও হল’ থেকে অ্যালকোহল জাতীয় ওই তরল পদার্থ সংগ্রহ করে নেশার উদ্দেশ্যে সেবন করেছিলেন। মঙ্গলবার রাতে তা পান করার পরই তারা অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তাদের মৃত্যু হয়।

Advertisement
বিজ্ঞাপন

চিকিৎসাধীন অবস্থায় সুজিত দাস ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে, সুদেব দাস হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এবং রঞ্জিত ঢাকায় নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এছাড়া নন্দলাল রবিদাস ও তার স্ত্রী সুবি রবিদাস নিজ বাড়িতেই মারা যান। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যরা বিষয়টি চেপে গিয়ে তড়িঘড়ি করে মৃতদেহ দাহ করায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও সবার লাশ পায়নি।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ জানান, পুলিশ খবর পাওয়ার পর সুদেব দাসের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, ওই তরল দ্রব্যের প্রকৃত উৎস কী, এতে কোনো বিষাক্ত উপাদান ছিল কি না এবং এর পেছনে অন্য কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতদের পরিবার ও স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্তের মাধ্যমে নেপথ্যে থাকা অসাধু চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে যেন এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পুনরাবৃত্তি রোধ করা হয়, সে আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

0%
0%
0%
0%