Advertisement

চার মাস ধরে বিদ্যালয়ের ওপর গাছ, পাঠদান ব্যাহত ও ঝুঁকি নিয়ে ক্লাস

ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত সতের রশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেমিপাকা ভবনের ওপর ভেঙে পড়া বিশালাকৃতির চাম্বুলগাছ দীর্ঘ চার মাসেও অপসারণ করা হয়নি। গত ১৩ মে কালবৈশাখী ঝড়ে গাছটি উপড়ে পড়ার পর থেকে বিধ্বস্ত কক্ষটিতে পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের খেলার মাঠটিও ডালপালায় আচ্ছন্ন হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের টিনশেড ঘরটির ওপর গাছটি আড়াআড়িভাবে পড়ে থাকায় অবকাঠামোর অধিকাংশ অংশই দুমড়ে-মুচড়ে গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিশু শ্রেণির পাঠদান ও দাপ্তরিক কাজের জন্য ব্যবহৃত কক্ষটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। গাছটি মাঠের বড় একটি অংশ দখল করে থাকায় শিক্ষার্থীদের অবাধ চলাফেরা ও খেলাধুলার পরিবেশও সংকীর্ণ হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রহমান জানান, ঘটনার দুদিন পরেই গাছটি অপসারণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে অবহিত করা হয়েছে। তবে সরকারি গাছ হওয়ায় প্রয়োজনীয় আইনি অনুমতি ও প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা নিজ উদ্যোগে তা সরানোর ক্ষমতা রাখেন না। দীর্ঘ সময়েও গাছটি না সরায় এখন বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরটি শিক্ষার্থীদের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, গাছটি ভেঙে পড়ার পরপরই বিধি অনুযায়ী বন বিভাগকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের নিলাম প্রক্রিয়া সম্পন্ন হলেই গাছটি দ্রুত অপসারণ করা সম্ভব হবে। তবে বিদ্যালয়ের এমন নাজুক পরিস্থিতি বিবেচনায় স্থানীয়রা অতি দ্রুত গাছটি অপসারণ এবং বিধ্বস্ত কক্ষটি সংস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%