Advertisement

যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতিতে রাবির অধ্যাপক প্রভাস কুমার স্থায়ীভাবে বরখাস্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমারকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৮তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একাধিক কমিটি গঠন করা হয়েছিল। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ জানান, যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির দায়ে দুটি আলাদা তদন্ত কমিটি তাকে অব্যাহতি প্রদানের সুপারিশ করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়, যেখানে অভিযুক্ত শিক্ষককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলেও তিনি সশরীরে উপস্থিত না হয়ে লিখিতভাবে বক্তব্য প্রদান করেন। উচ্চতর কমিটির সুপারিশের প্রেক্ষিতেই সিন্ডিকেট এই চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীকে পরীক্ষার পরামর্শ দেওয়ার নাম করে নিজ কক্ষে ডেকে নিয়ে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর ভাষ্যমতে, শিক্ষক তাকে পরীক্ষার প্রশ্ন দেওয়ার প্রলোভন দেখিয়ে অশালীন আচরণ করেন এবং শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে কুপ্রস্তাব দেন।

এই ঘটনার পর ১৩ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থীর মা বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। শিক্ষার্থীদের টানা বিক্ষোভ ও আন্দোলনের মুখে গত বছরের ৯ সেপ্টেম্বর অভিযুক্ত শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছিল। দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার পর অবশেষে চূড়ান্ত ব্যবস্থা নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%