Advertisement

চতুর্থবারের প্রচেষ্টায় বাজিমাৎ ক্যামেরুনের, মালাউইকে উড়িয়ে প্রথমবার আফ্রিকান নারী ফুটবলের মুকুট জয়

মরক্কোর মাটিতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো উইমেনস আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা ঘরে তুলল ক্যামেরুন। চতুর্থবারের চেষ্টায় এসে টুর্নামেন্টের মুকুট জয় করল ‘আনডোমিটেবল লায়োনেস’রা। রবিবার অনুষ্ঠিত ফাইনালে চমক দেখানো মালাউইকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের স্বাদ পেল তারা।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত দাপট দেখিয়েছে ক্যামেরুন। প্রথমার্ধেই তিন গোল করে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে দলটি। ম্যাচের ২০ মিনিটে বক্সে বল পেয়ে দারুণ ক্ষিপ্রতায় লক্ষ্যভেদ করে ক্যামেরুনকে এগিয়ে দেন মারি এনগাহ। ম্যাচের ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাওমি ইতো। বিরতির ঠিক আগ মুহূর্তে, প্রথমার্ধের অতিরিক্ত তিন মিনিটের মাথায় ইতোর পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন এনগাহ।

বিজ্ঞাপন

ফাইনালে পরাজিত মালাউইয়ের জন্য এবারের টুর্নামেন্টটি ছিল রূপকথার মতো। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৫৩ এবং আফ্রিকার মহাদেশীয় তালিকায় ৩২তম অবস্থানে থাকা দলটি প্রথমবারের মতো খেলতে নেমেছিল ফাইনালে। অন্যদিকে, তিনবার ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করা ক্যামেরুন এবার নিজেদের চতুর্থ সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়ে চতুর্থ দেশ হিসেবে এই টুর্নামেন্টের শিরোপা জয়ের অনন্য রেকর্ড গড়েছে। উল্লেখ্য, ১৯৯৮ সালে শুরু হওয়া এই আসরে নাইজেরিয়া রেকর্ড ১০ বার, ইকুয়েটোরিয়াল গিনি দুইবার এবং দক্ষিণ আফ্রিকা একবার চ্যাম্পিয়ন হয়েছে।

বিজ্ঞাপন

আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় উইমেনস ফুটবল বিশ্বকাপে ক্যামেরুন ও মালাউইয়ের অংশগ্রহণ আগেই নিশ্চিত হয়েছিল। তাদের সঙ্গী হিসেবে সেমিফাইনালিস্ট মরক্কো ও আলজেরিয়াও বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে। শনিবার অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আলজেরিয়া পেনাল্টি শুটআউটে জয়লাভ করে ব্রোঞ্জ মেডেল জিতে নেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো এবং কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল প্রেসিডেন্ট প্যাট্রিস মোৎসেপে। শিরোপা বিজয়ী ক্যামেরুনকে মেডেল পরিয়ে দেওয়ার সময় ইনফান্তিনোকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল, এমনকি অনেক খেলোয়াড় তার সঙ্গে ছবি তোলার অনুরোধও জানান। আগামী মার্চে পুনর্নির্বাচনকে সামনে রেখে মহাদেশীয় পর্যায়ে ইনফান্তিনো তার সমর্থনের ধারা অব্যাহত রেখেছেন, যদিও ভবিষ্যৎ ফুটবল বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

সম্পর্কিত- খবর
0%
0%
0%
0%