সুপারি গাছ খাওয়ার জেরে পা বেঁধে দুই ছাগলকে খালে ফেলে হত্যার অভিযোগ নেছারাবাদে

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানি গ্রামে চারটি সুপারি চারা খাওয়ার অপরাধে দুটি ছাগলকে পা বেঁধে খালে ফেলে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। দরিদ্র কৃষক হালিম হাওলাদারের সম্বলস্বরূপ ছাগলগুলোকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। ভুক্তভোগী কৃষক এ ঘটনায় প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, রোববার দুপুরে হালিম হাওলাদার বাড়িতে ফিরে তার তিনটি ছাগলকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। বিকেলে তিনি বাড়ির অদূরে সুনীল হালদারের সুপারি বাগানের পাশের খালে ছাগলগুলোর পা বাঁধা অবস্থায় ভাসতে দেখেন। সেখান থেকে ছাগলগুলোকে উদ্ধার করার পর দেখা যায়, দুটি ছাগল ততক্ষণে মারা গেছে এবং অন্যটি মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে।
ভুক্তভোগী হালিম হাওলাদার অভিযোগ করেন, তার ছাগলগুলো সুনীল হালদারের কয়েকটি চারাগাছ খেয়েছিল বলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ বিষয়ে সুনীলকে জিজ্ঞেস করলে তিনি উল্টো হালিমকে প্রাণনাশের হুমকি দেন বলে জানা গেছে। তবে অভিযুক্ত সুনীল হালদার ছাগল হত্যার বিষয়টি অস্বীকার করে দাবি করেছেন, তিনি কেবল ছাগলগুলোকে বাগান থেকে তাড়িয়ে দিয়েছিলেন।
স্থানীয় গ্রাম পুলিশ মো. শাহাদাৎ ও ইউপি সদস্য রুবেল গাজী বিষয়টি অত্যন্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন। তারা জানিয়েছেন, হালিম একজন অত্যন্ত দরিদ্র মানুষ এবং এই ছাগলগুলোই ছিল তার আয়ের একমাত্র উৎস। এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
