অনার্স পর্যন্ত নারীদের বিনা মূল্যে শিক্ষার ঘোষণা প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে, দেশের নারীদের অনার্স পর্যন্ত পড়াশোনার যাবতীয় ব্যয় সরকার বহন করবে। রোববার দুপুরে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও স্থানীয় জেলেদের মাঝে পোনা বিতরণের পর আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে নারীদের উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিলেন। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাই তাদের পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। এই লক্ষ্যেই বর্তমান সরকার নারীদের স্নাতক বা অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা প্রদানের ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মেধাবী ছাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যে সরকারি উপবৃত্তির ব্যবস্থা করা হবে বলেও তিনি উল্লেখ করেন। পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যতে দেশের হাল ধরার জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। এছাড়া দেশের দরিদ্র পরিবারের প্রায় এক কোটি ২০ লাখ শিশুকে নতুন বইয়ের পাশাপাশি স্কুল ব্যাগ ও পোশাক প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান তিনি।
নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ হিসেবে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে বলে জানান সরকারপ্রধান। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারের নারীপ্রধানদের হাতে এই কার্ড তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং কিশোরগঞ্জ থেকে এই কার্যক্রমের শুভ সূচনা হলো। ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ প্রসঙ্গে তিনি বলেন, এর সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে যাবে এবং দেশের মৎস্য সম্পদ সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মৎস্যজীবী সম্প্রদায়ের সদস্যরা।
