মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক নিরাপত্তার নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মন্তব্য বিলাওয়াল ভুট্টোর

পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এই ত্রিপক্ষীয় সমঝোতাকে দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেন।
বিলাওয়াল ভুট্টো জারদারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানান, এই চুক্তিটি কেবল সংশ্লিষ্ট তিন দেশের স্থিতিশীল এবং নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা নয়, বরং এটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে। ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই কৌশলগত মৈত্রী আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিটি সফলভাবে সম্পন্ন করার নেপথ্যে পাকিস্তানর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনীরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন পিপিপি চেয়ারম্যান। তার মতে, তাদের বলিষ্ঠ নেতৃত্ব এবং কূটনৈতিক তৎপরতা এই গুরুত্বপূর্ণ সমঝোতাকে বাস্তবায়িত করতে বিশেষ ভূমিকা পালন করেছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
