AdvertisementAdvertisement

৭৮ বীর ও শহীদকে রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা প্রদানের অনুমোদন দিলেন মহসিন নাকভি

দেশের জন্য আত্মত্যাগকারী শহীদ এবং অসামান্য বীরত্ব প্রদর্শনকারী গাজিদের অবদানের স্বীকৃতিস্বরূপ ৭৮ জন ব্যক্তিকে রাষ্ট্রীয় বেসামরিক পদক প্রদানের অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। রাজধানী ইসলামাবাদে আয়োজিত বীরত্বসূচক পদক বিষয়ক এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা বীরদের এই সম্মানে ভূষিত করার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি মন্তব্য করেন যে, যারা দেশের তরে নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা জাতির নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, শহীদ ও গাজিদের এই মহান আত্মত্যাগ পাকিস্তানের অমূল্য সম্পদ এবং জাতি চিরকাল তাদের এই অসামান্য অবদানের কাছে ঋণী হয়ে থাকবে।

Advertisement
বিজ্ঞাপন

বীরত্বসূচক পদক সংক্রান্ত এই সভায় পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী, ফেডারেল স্বরাষ্ট্র সচিব, ফেডারেল তদন্ত সংস্থার মহাপরিচালক এবং অতিরিক্ত মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাকিস্তানের চারটি প্রদেশের প্রতিনিধিরা সভায় যুক্ত হয়ে তাদের মতামত প্রদান করেন। বিভিন্ন ক্যাটাগরিতে চূড়ান্ত হওয়া এই পদকপ্রাপ্তদের তালিকা এখন চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%