লাহোরে ভারী বর্ষণ, জলমগ্ন জনপদ ও নিষ্কাশন তৎপরতা অব্যাহত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিট থেকে শুরু হওয়া বৃষ্টিপাত পুরো শহরকে প্লাবিত করেছে। এই প্রবল বর্ষণে শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং বিভিন্ন নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, লাহোরের জেল রোড এলাকায় ১০৪ মিলিমিটার এবং বিমানবন্দর সংলগ্ন এলাকায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া কাহনা এলাকায় ৭৫.৬ মিলিমিটার, হাদিয়ার ডিফেন্স রোডে ৫৭.৬ মিলিমিটার এবং মানাওয়ান এলাকায় ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শহরের গড় বৃষ্টিপাতের পরিমাণ ২৪.১ মিলিমিটার হলেও বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের ব্যাপক তারতম্য লক্ষ্য করা গেছে।
তাজপুরা এলাকায় ৩৯.৮ মিলিমিটার, মুঘলপুরা এলাকায় ৩২.৮ মিলিমিটার, শাদীপুরা এলাকায় ২৮ মিলিমিটার এবং নিশতার টাউন এলাকায় ২৭.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শহরটির অন্যান্য অংশের মধ্যে জোহর টাউনে ১০ মিলিমিটার, গুলবার্গ এলাকায় ১০.৮ মিলিমিটার এবং চক না খুদা এলাকায় ১০.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হলেও ইকবাল টাউন, সামানাবাদ, গুলশান রাভি এবং লক্ষ্মী চক এলাকাতেও জলমগ্নতা দেখা দিয়েছে।
ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর হয়ে উঠেছে। পাকিস্তানর শহরটিতে দ্রুত পানি নিষ্কাশন এবং স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনার লক্ষ্যে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে জরুরি ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
