সুইডেনের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি নবনিযুক্ত রাষ্ট্রদূত আহমেদ আমজাদ আলীকে সুইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুসংহত করার নির্দেশ দিয়েছেন। শুক্রবার ইসলামাবাদে রাষ্ট্রপতির কার্যালয় আইওয়ান-ই-সদরে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। আলোচনায় নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, টেকসই প্রযুক্তি এবং কৃষিখাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
পাকিস্তানের রাষ্ট্রপতি জারদারি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে সুইডেন একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাকিস্তানের কাছে বিশেষ মর্যাদার অধিকারী। দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি সংসদীয় পর্যায়ে মতবিনিময় এবং উচ্চপদস্থ নেতৃত্বের সফর বিনিময়ের মাধ্যমে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য প্রবাহে সন্তোষ প্রকাশ করেন পাকিস্তানের রাষ্ট্রপতি। তিনি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের মাধ্যমে যৌথ গবেষণা, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ অনুসন্ধানের তাগিদ দেন।
সুইডেনে বসবাসরত পাকিস্তানি প্রবাসীদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন পাকিস্তানের রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রদূত সেখানে বসবাসরত হাজার হাজার প্রবাসী পাকিস্তানির সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করবেন। প্রবাসীদের দক্ষতা ও কর্মতৎপরতা সুইডেনের উন্নয়নে যেমন ভূমিকা রাখছে, তেমনি তারা পাকিস্তানের ভাবমূর্তি উজ্জ্বল করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
