AdvertisementAdvertisement

রোববার চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ করবেন

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল রোববার একদিনের রাষ্ট্রীয় সফরে চট্টগ্রামে আসছেন। এই সফরের অংশ হিসেবে তিনি বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলা পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সফরের শুরুতেই প্রধানমন্ত্রী বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন গৃহের চাবি হস্তান্তর করবেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, পৌরসভা ও ৯টি ইউনিয়নের বন্যায় গৃহহীন হয়ে পড়া ১০০টি পরিবারের জন্য সরকারি খরচে দুর্যোগসহনীয় এই ঘরগুলো নির্মাণ করা হয়েছে। ১৮ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের প্রতিটি ঘরে দুটি কক্ষ ও একটি সংযুক্ত শৌচাগার রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা অনুষ্ঠানস্থল ও নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement
বিজ্ঞাপন

ফটিকছড়িতে প্রধানমন্ত্রী ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় গমন করবেন। সেখানে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উপজেলাজুড়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় মহলে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

এরপর প্রধানমন্ত্রী হাটহাজারীতে পৌঁছে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা সংলগ্ন কবরস্থানে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করবেন। বিকেলে তিনি হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এই জনসভাকে ঘিরে পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ ও সংলগ্ন এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর এই সফর সফল করতে এসএসএফ, সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জনসভাস্থল পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনার তদারকি করেছেন। সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে এবং সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

0%
0%
0%
0%