দেশে ফিরে প্রচলিত আইনে বিচারের মুখোমুখি হতে হবে স্বৈরাচারকে মীর হেলাল

চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত ‘ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের অর্জনের কৃতিত্ব নেওয়া নিয়ে চলমান বিতর্ক পলায়নকৃত স্বৈরাচারকে পুনরায় দেশে ফেরার ধৃষ্টতা জোগাচ্ছে। তিনি স্পষ্ট করেন যে, শেখ হাসিনাকে অবশ্যই দেশে ফিরে গত ১৭ বছরের শোষণ এবং জুলাই-আগস্টের গণহত্যার বিচার মোকাবিলা করতে হবে। কোনো বিশেষ আদালত নয়, বরং দেশের প্রচলিত আইনেই তার বিচার সম্পন্ন হবে বলে মন্ত্রী পুনর্ব্যক্ত করেন।
মন্ত্রী আরও বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের সাফল্য নয়, বরং দীর্ঘ ১৭ বছরের গুম, খুন ও নির্যাতনের বিরুদ্ধে দেশের ১৮ কোটি মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। বর্তমানে দেশ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশে বসে ফাঁসির সাজাপ্রাপ্ত কোনো আসামির ষড়যন্ত্র বা খবরদারি বাংলাদেশ কোনোভাবেই মেনে নেবে না।
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ ও যুগ্ম সম্পাদক মিয়া মোহাম্মদ আরিফ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নসরুল কাদির এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বক্তারা এসময় জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট বিশ্লেষণ করে দেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
