বাহুবলে চাঞ্চল্যকর আব্দুল্লাহ হত্যা মামলার পলাতক আসামি মুস্তাকিম গ্রেপ্তার

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের খোজারগাঁও গ্রামে জমি ও নারী সংক্রান্ত বিরোধের জেরে মো. আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় মুস্তাকিম নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত মুস্তাকিম পার্শ্ববর্তী শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের আটঘর গ্রামের আব্দুল আহাদের ছেলে এবং ঘটনার পর থেকে সে নারায়ণগঞ্জ জেলায় আত্মগোপনে ছিল। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
গত ৪ জুলাই সন্ধ্যায় খোজারগাঁও গ্রামে পূর্বপরিকল্পিতভাবে আব্দুল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে ভুক্তভোগীর ভাই আব্দুল কাদির ও আব্দুস সালামকেও গুরুতর জখম করে হামলাকারীরা। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কাদির বাদী হয়ে প্রতিবেশী হুছন আলীকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তের অংশ হিসেবে র্যাব এর আগে আব্দুল মালেক ও বিল্লাল মিয়া নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছিল। দীর্ঘ সময় পলাতক থাকার পর মুস্তাকিমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা অবিলম্বে পলাতক অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
