নাটোরের মন্ত্রীর পথসভায় পিস্তলসহ আটক প্রয়াত বিএনপি নেতার ছেলে

নাটোর সদর উপজেলার উত্তরা গণভবনের সামনে আয়োজিত এক পথসভা থেকে পিস্তলসহ তামিম (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উপস্থিতিতে এই ঘটনা ঘটে। আটককৃত যুবক নাটোরের প্রয়াত বিএনপি নেতা ও সার ডিলার শামসুল আলমের ছেলে এবং তিনি কানাইখালী এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে গণভবনের সামনে মন্ত্রী যখন বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নামছিলেন, তখন ওই যুবকের সঙ্গে মন্ত্রীর দুই দফা ধাক্কা লাগে। তার সন্দেহজনক আচরণ ও মন্ত্রীর কাছাকাছি অবস্থানের কারণে তাৎক্ষণিকভাবে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাশে সরিয়ে নেন। তল্লাশির একপর্যায়ে তার কাছে থাকা একটি পিস্তল উদ্ধার করা হয়।
আটককৃত তামিম নিজেকে শিক্ষার্থী পরিচয় দিয়ে দাবি করেন যে, পিস্তলটি তার বাবার নামে লাইসেন্স করা এবং আত্মরক্ষার খাতিরে তিনি তা সঙ্গে বহন করছিলেন। সে বর্তমানে বাবার সার ব্যবসার দেখাশোনা করে। তবে জনাকীর্ণ একটি রাজনৈতিক সমাবেশে অস্ত্র নিয়ে প্রবেশের কারণ ও এর বৈধতা যাচাই করতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনসুর আলম জানান, যুবকটিকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
