AdvertisementAdvertisement

বকশীগঞ্জে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান ও উন্নয়নের প্রতিশ্রুতি প্রতিমন্ত্রীর

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত অডিটোরিয়াম ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার দুপুরে অডিটোরিয়াম চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকারের উন্নয়ন অঙ্গীকার বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, দেশের শিক্ষিত বেকারদের তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কার্যক্রম জোরদার করা হয়েছে। মসজিদের ইমাম ও খাদেমদের সম্মানী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে, যা ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে।

Advertisement
বিজ্ঞাপন

স্কুলগামী শিশুদের পুষ্টির নিশ্চয়তা দিতে এবং ঝরে পড়া রোধে ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। অসহায় পরিবারের শিক্ষার্থীরা যাতে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে শিক্ষা সহায়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। একইসঙ্গে বকশীগঞ্জের লাউচাপড়া বিনোদন কেন্দ্রের উন্নয়নের জন্য একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

আগামী দুই মাসের মধ্যে প্রতিটি ইউনিয়নের গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন কাজ শুরু হবে বলে তিনি আশ্বস্ত করেন। উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Advertisement
বিজ্ঞাপন

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়া ৫৮টি অসহায় পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থের চেক প্রদান করা হয় এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

0%
0%
0%
0%