AdvertisementAdvertisement

অনুমোদনহীন হজ সংবর্ধনা অনুষ্ঠান বন্ধে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্বানুমতি ব্যতীত ১৪৪৭ হিজরি তথা ২০২৭ সালের হজের লিড ও সমন্বয়কারী এজেন্সিদের নিয়ে কোনো প্রকার সংবর্ধনা বা মতবিনিময় সভার আয়োজন না করার কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার ৬ আগস্ট মন্ত্রণালয় থেকে জারি করা এক স্মারকে এই নির্দেশনা প্রদান করা হয়। আগামী ৯ আগস্ট রোববার ঢাকা ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চে ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’-এর উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এই সরকারি সতর্কতা জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলামের স্বাক্ষরিত স্মারকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিবন্ধিত কোনো হজ এজেন্সি বা অনুমোদিত অংশীজন নয়। বিধায় হজ-সংশ্লিষ্ট এ ধরনের অনুষ্ঠান আয়োজনের কোনো আইনি এখতিয়ার প্রতিষ্ঠানটির নেই। এছাড়া উক্ত অনুষ্ঠানের বিষয়ে মন্ত্রণালয়কে আগে থেকে অবগত করা হয়নি। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে এই অনুষ্ঠানটি অবিলম্বে বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছে মন্ত্রণালয়।

Advertisement
বিজ্ঞাপন

এর আগে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা হাব-এর পক্ষ থেকে মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে অনুষ্ঠানটি বন্ধের দাবি জানানো হয়েছিল। হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এবং মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার স্বাক্ষরিত ওই চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয় যে, অনুমোদনহীন কোনো প্রতিষ্ঠানের ব্যানারে হজ এজেন্সি ও হজযাত্রীদের নিয়ে এ ধরনের সভা আয়োজন করলে তা হজ ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা ও প্রতারণার পথ প্রশস্ত করতে পারে।

আমন্ত্রণপত্র অনুযায়ী, ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’-এর চেয়ারম্যান হাফিজ জিয়াউর রহমানের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়েছিল এবং অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধনের আহ্বান জানানো হয়। তবে দীর্ঘদিন ধরেই উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ করে আসছেন বিভিন্ন হজ এজেন্সির মালিকরা। সরকারি নিষেধাজ্ঞা এবং হাবের আপত্তির পরিপ্রেক্ষিতে এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুষ্ঠানটি বাতিলের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%