শীঘ্রই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্প: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কুড়িগ্রামের চিলমারী, উলিপুর, রৌমারী ও রাজীবপুর উপজেলার ভয়াবহ নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার দুপুরে চিলমারী বন্দরে উপস্থিত হয়ে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও চলমান ভাঙন পরিস্থিতি নিয়ে স্থানীয়দের আশ্বস্ত করেন।
প্রতিমন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে টেকনিক্যাল কমিটি পুরোদমে কাজ শুরু করেছে। প্রকল্পের সুফল নিশ্চিত করতে বিভিন্ন দেশের আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই পাইলট প্রকল্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিস্তা একটি বিশাল কর্মযজ্ঞ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা একদিনে সম্পন্ন করা সম্ভব নয়। তিনি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকার গঠনের মাত্র পাঁচ মাসের মধ্যেই এই প্রকল্পকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হচ্ছে।
কুড়িগ্রামের নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি দুটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও তিনি জানান। বর্তমানে জেলার প্রায় ১০০টি ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে সুরক্ষামূলক কাজ চলছে। নদীভাঙন রোধের মতো জনগুরুত্বপূর্ণ কাজে কোনো দলীয় বিবেচনা প্রশ্রয় পাবে না বলেও তিনি দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
